রাত ৮টার পর দোকান-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীসহ দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের উদ্যোগকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে দেশের সব ব্যবসায়ীকে সিদ্ধান্তটি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন : ‘তেলের আরও দুটি চালান আসছে এপ্রিলের প্রথম সপ্তাহে’
