টেকনাফে আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে শিশুসহ ১০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোরে নাফ নদের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ঢুকে উখিয়ার জামতলী ক্যাম্পে আশ্রয় নেন তারা। নতুন অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ জনই শিশু।
বিষয়টি স্বীকার করে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ সলিম জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে সকালে আমার ক্যাম্পে ১০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন মোহাম্মদ সলিম।
আরো পড়ুন: এক বছরে রোহিঙ্গা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার
নতুন আসা রোহিঙ্গারা হলো- ছমুদা (১৮), সাবেকুন্নাহার (১৫), মো. সলিম (১৩), জবিউল্লাহ (১২), মো. আনাস (১১), জিয়াবুর রহমান (১০), শায়েকা (৮), উম্মে হাবিবা (৭), মো. ইসমাইল (৬) ও রেহেনা (৫)।
উল্লেখ্য, গত ১৫ মাসে নতুন করে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সীমান্তের ওপারে আরও অনেকে অনুপ্রবেশের অপেক্ষায় জড়ো হচ্ছে বলে জানা গেছে। এতে শুধু মানবিক সংকটই নয়, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
অনুপ্রবেশের বিষয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে চাননি।
