৪৮ ঘণ্টায় টোল আদায়
পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:১৭ এএম
ছবি: সংগৃহীত
ঈদ-উল-ফিতর পালন করতে ঘরে ফিরছেন কর্মজীবী মানুষ। গত দুদিন ধরে এই ঈদযাত্রার ধুম লেগেছে মহাসড়কগুলোতে। সেই ধারায় এই দুদিনে প্রায় দ্বিগুন হয়েছে দেশের বড় দুই সেতুতে টোল আদায়ের হার।
গত রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ।
অন্যদিকে, বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে এই দুই দিনে মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে, যাতে মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
দুই সেতুর ক্ষেত্রেই টোল প্লাজায় বাড়তি বুথ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের কোনো যানজট ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
