ঘুষের অডিও ফাঁস
প্রধান কৌঁসুলির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত
সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ‘কোটি টাকা ঘুষ দাবির’ অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১০ মার্চ) ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়। অভিযোগ উঠেছে, চব্বিশের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক প্রসিকিউটর এক কোটি টাকা ঘুষ দাবি করেছেন।
আরো পড়ুন: সরকারদলীয় সংসদীয় সভা আজ
সোমবার (৯ মার্চ) পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার প্রধান কৌঁসুলির কার্যালয়ে দিনভর দফায় দফায় বৈঠক হয়। ওই বৈঠক থেকেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রসিকিউটর জানান, দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রসিকিউটরদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন্প্র-সিকিউটর মো. আব্দুস সোবহান তরফদার, সদ্য নিয়োগ পাওয়া দুই প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
আরো পড়ুন: বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পাঠাবে ভারত
ওই প্রসিকিউটর আরো জানান, ‘সাইমুম রেজার বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ছাড়াও ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আরও কিছু বিষয় কমিটির অনুসন্ধানের আওতায় থাকবে। বিশেষ করে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হককে রাজসাক্ষী করা নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে।‘
জুলাই গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালকে ঘিরে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, এই কমিটি সেগুলোর সার্বিক তদন্ত করবে বলেও জানান তিনি।
এর আগে সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। তিনি বলেন, কোনো আনুষ্ঠানিক অভিযোগ তার কাছে এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: ঢাকার আকাশ মেঘলা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
তিনি আরো জানান, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ পেলেও তা তদন্ত করা হবে এবং এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
