আজ বিক্রি হচ্ছে ঈদযাত্রার ১৬ মার্চের ট্রেনের টিকিট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ। শুক্রবার (৬ মার্চ) দেওয়া হচ্ছে আগামী ১৬ মার্চের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সহজে টিকিট পাওয়ার সুবিধা নিশ্চিত করতেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির এই সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করা হয়।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ বিক্রি হয়েছে ১৩ মার্চের টিকিট। একইভাবে ৪ মার্চ ১৪ মার্চের এবং ৫ মার্চ ১৫ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে। আজ ৬ মার্চ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
আরো পড়ুন : ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আসনের টিকিট পাবেন না, তাদের সুবিধার জন্য ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ বা স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।
টিকিট কেনার ক্ষেত্রে কিছু কঠোর নিয়মও আরোপ করেছে বাংলাদেশ রেলওয়ে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। টিকিট কালোবাজারি ঠেকাতে এবার কোনো টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়নি।
