নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ এএম
ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অতি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য এ মর্যাদা কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি করা হয়। এটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই দিন আগে প্রকাশিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা গেজেটে স্বাক্ষর করেন তৎকালীন কার্যালয় সচিব মো. সাইফুল্লাহ পান্না। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন। তিনি গণমাধ্যমকে প্রজ্ঞাপনে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘোষণার ফলে ড. ইউনূস আগামী এক বছর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা সুরক্ষার আওতায় থাকবেন। গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এ মর্যাদা দেওয়া হয়েছে। ওই ধারায় বলা আছে, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে বিদেশি রাষ্ট্র বা সরকারের প্রধানকে বোঝাবে এবং সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকেও এ আইনের উদ্দেশে এমন ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারবে।
আরো পড়ুন : যমুনা ছেড়ে নিজ বাসায় ড. ইউনূস
আইন অনুযায়ী, দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া রাষ্ট্র বা সরকারপ্রধান স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ সুরক্ষা পান না, সরকারিভাবে ভিভিআইপি ঘোষণা না করা হলে এ সুবিধা প্রযোজ্য হয় না।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রজ্ঞাপনটি অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে প্রচার করেনি। এটি বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটেও আপলোড করা হয়নি।
ভিভিআইপি হিসেবে ড. ইউনূস তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফের নিরাপত্তা পাবেন। ২০২৫ সালের ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা বিধিমালা’ অনুযায়ী, তিনি যেসব অনুষ্ঠানে অংশ নেবেন, সেসব স্থানে পূর্বানুমোদিত নিরাপত্তা তল্লাশি ও পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে। দেশে ও বিদেশে তার সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ভিভিআইপির সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকা কর্মীদের পটভূমি যাচাই করবে এসএসএফ। তার বাসভবন, কার্যালয় কিংবা অনুষ্ঠানের স্থানে প্রবেশ ও বহির্গমনকারী ব্যক্তি, যানবাহন ও সামগ্রী কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
প্রায় ১৮ মাস পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন ড. ইউনূস। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
