×

জাতীয়

অভিযোগ রাষ্ট্রপতির

সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম

সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার

ছবি : সংগৃহীত

অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তী সরকার, এমন বিস্ফোরক অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক পর্যায়ে অপসারণের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকারিভাবেই এ নতুন পরিকল্পনা নেওয়া হয়, তবে সংশ্লিষ্ট বিচারপতির অস্বীকৃতির কারণে সেটিও শেষ পর্যন্ত সফল হয়নি।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে নিজ কার্যালয়ে এক সংবাদমাধ্যম দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ অভিযোগ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি জানান, গণ-অভ্যুত্থানের কিছু নেতার চাপের মুখে তাঁকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিস্তর আলোচনা হয় এবং বিষয়টি দুইটি আলাদা গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। একটি পক্ষ তাঁর অপসারণের পক্ষে সক্রিয় ছিল, অন্যদিকে আরেকটি পক্ষ সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নেয়।

মহামান্য রাষ্ট্রপতি বলেন, একপর্যায়ে পরিস্থিতি এমন ছিল যে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেই তাঁকে অপসারণ করা হতো অথবা মানসিক চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা হতে পারত। তবে তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের জোটসঙ্গীরা তাঁকে আশ্বস্ত করেন যে কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নয়।

আরো পড়ুন : প্রধান উপদেষ্টার প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে পদক্ষেপ নেওয়া হয়। সরকারের এক উপদেষ্টা সাবেক এক প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে রাষ্ট্রপতির পদে বসানোর বিষয়ে আলোচনা করেন। তবে ওই বিচারপতি সাংবিধানিক শিষ্টাচারের কথা উল্লেখ করে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের সূত্রে তিনি বিষয়টি জানতে পারেন। সংশ্লিষ্ট বিচারপতির দৃঢ় অবস্থানের কারণেই ওই উদ্যোগ সফল হয়নি বলেও জানান তিনি।

মহামান্য রাষ্ট্রপতি আরো জানান, তিন বাহিনীর পক্ষ থেকেও তিনি সমর্থন পেয়েছেন। তাঁদের বক্তব্য ছিল, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তাঁকে অসাংবিধানিকভাবে অপসারণ করা হলে তা বাহিনীর জন্যও অপমানজনক হবে। এ অবস্থানে তাঁরা অনড় ছিলেন বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রপতির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একাধিকবার তাঁকে অপসারণের চেষ্টা করা হয়। এমনকি বঙ্গভবনের সামনে মব সৃষ্টির ঘটনাও ঘটে বলে উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ হয়েছিল কি না- এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, তিনি সরাসরি কোনো ফোন বা আনুষ্ঠানিক যোগাযোগ পাননি। তবে কূটনৈতিক মহল থেকেও তাঁকে অসাংবিধানিকভাবে অপসারণের বিষয়ে নেতিবাচক মনোভাব ছিল।

রাষ্ট্রপতি বলেন, পুরো সময়জুড়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং শেষ পর্যন্ত উদ্যোগগুলো নীরবে স্তিমিত হয়ে যায়। তাঁর মতে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে বৃহৎ রাজনৈতিক দলগুলোর অবস্থানই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চনার অভিযোগ

বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চনার অভিযোগ

সিডনিতে এক মঞ্চে পারফর্ম করবে জেমস-রূপম

সিডনিতে এক মঞ্চে পারফর্ম করবে জেমস-রূপম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App