হাতকড়াসহ চাঁদাবাজ দেখিয়ে পুলিশের চাঁদাবিরোধী ক্যাম্পেইন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত সন্ত্রাসী ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করে পুলিশ। এরই মধ্যে তার হুমকি দেওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরো বলেন, ‘ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। তাকে নিয়েই আমরা চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করেছি। ফারুককে দেখিয়ে আমরা স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিতে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, বসিলা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ফারুকের চাঁদাবাজি ও হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি গা-ঢাকা দেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের কলাতিয়া সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে, ফারুককে হাতকড়া পড়িয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ এলাকায় মাইকিং করেন। প্রচারে তিনি বলেন, ‘আপনারা কাউকে চাঁদা দেবেন না। এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।’
