ফুলে ফুলে ভরা কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদদের প্রতি মানুষের শ্রদ্ধা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
ছবি : সংগৃহীত
ভোরের আলো উঠতেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ভরে ওঠে ফুলে, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে উপস্থিত হন নগরীর আপামর জনসাধারণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে জনস্রোত ছিল চোখে পড়ার মতো। হাতে ফুল, হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা একের পর এক পুষ্পস্তবক অর্পণ করছেন।
শহীদ মিনারের চারপাশে দীর্ঘ লাইন, শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা। একে একে সকলেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
শ্রদ্ধা নিবেদনে অংশ নিচ্ছেন ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ স্কাউটস, উদিচি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান।
সংগঠনগুলো ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকেই পরিবার ও শিশুদের সঙ্গে উপস্থিত হয়েছেন। শহীদ মিনারে শিশুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ব্যাখ্যা করতে দেখা গেছে অভিভাবকদের।
শ্রদ্ধা জানাতে আসা শফিকুল ইসলাম বলেন, এদিন আমাদের প্রেরণার দিন। এই প্রেরণা থেকেই স্বাধীনতার পথচলা শুরু হয়েছে। যখন বিদেশিরা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা আত্মত্যাগের মাধ্যমে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। তিনি বলেন, আমরাই একমাত্র জাতি, যারা মাতৃভাষার জন্য লড়াই করে জীবন দিয়েছেন।
আরো পড়ুন : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। প্রতি বছর এখানে এসে শ্রদ্ধা জানালে সেই ইতিহাসকে নতুন করে অনুভব করি।
বাংলাদেশ স্কাউটসের সদস্য মাহদি হাসান বলেন, শৃঙ্খলা রক্ষা করতে এসে বুঝতে পারছি মানুষের আবেগ কত গভীর। সবাই সম্মান এবং নিয়ম মেনে শ্রদ্ধা জানাচ্ছে। এটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই বাংলা ভাষার ইতিহাস এবং ভাষাশহীদদের আত্মদানের কথা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বাঙালি জাতি হিসেবে আমাদের অন্যতম গৌরবের একটি বিষয় হচ্ছে আমাদের ভাষা। আমাদের এই ভাষার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। ভাষার জন্য যাঁরা জীবন দিলেন, তাঁদের কথা আমাদের সন্তানদের জানাতে হবে।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
