বাংলাদেশের সরকার প্রধানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় তিনি দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কিয়ার স্টারমারের পাঠানো অভিনন্দন বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
এর আগে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো আনুষ্ঠানিক বার্তায় তিনি দু’দেশের সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন নেতৃত্বে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।’
এছাড়াও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন কিয়ার স্টারমার।’
