বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত
দায়িত্বে আসার মাত্র ছয় মাসের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি নতুন সরকারের শপথ গ্রহণের দিনই জারি করা হয়েছে।
কয়েকদিন ধরেই বিমানের চেয়ারম্যান পদ ছাড়ার খবর শোনা যাচ্ছিল। জানা গেছে, তিনি নিজ ব্যবসায় আকিজবশির গ্রুপে ফিরে যাচ্ছেন।
গত বছরের এপ্রিলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২৬ অগাস্টে তিনি বিমানের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। সেই সময় তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।
আরো পড়ুন : জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্ব পালনরত অবস্থায় নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় তখন অনেকেই প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, বিমানের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ ক্রয়ের আলোচনার মধ্যেই গত ১৫ জানুয়ারি নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এরপর খলিলুর রহমান হয়ে গেছেন তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী, আর ফয়েজ আহমদ তৈয়্যব পাড়ি দিয়েছেন জার্মানি।
