আইজিপি ও ডিএমপি কমিশনার পদে আলোচনায় যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পদে রদবদলের সম্ভাবনা তীব্র হচ্ছে। বিশেষ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে নতুন নিয়োগ নিয়ে জল্পনা চলেছে।
নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে, নতুন আইজিপি পদে বেশ কয়েকজন কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে ১২তম ব্যাচের হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এবং র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের নাম রয়েছে।
র্যাবের মহাপরিচালক শহিদুর রহমানকে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। তার বর্তমান মেয়াদ ১৫ মার্চ শেষ হচ্ছে। এছাড়া আইজিপি হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের নামও আলোচনায় রয়েছে।
আরো পড়ুন : প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর সামলাবেন প্রধানমন্ত্রী
পুলিশ সদর দপ্তর জানায়, বর্তমান আইজিপি বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর থেকে দুই বছরের চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী তার মেয়াদ এখনও প্রায় ৯ মাস বাকি।
ডিএমপি কমিশনার পদেও জল্পনা রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম আলোচনায় আছে। বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হবে।
একাধিক সূত্রের মতে, বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
