প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রন জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি সরকারের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান শেষে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়ে বলে নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
এসময় ভারতের স্পিকার তারেক রহমানের কাছে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সেই সঙ্গে বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মিস্টার বিরলা।
এর আগে দুপুরে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা পৌঁছায়।
সেই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং আমাদের দুই দেশকে একসূত্রে বেঁধে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা।’
