সংবিধান সংস্কার পরিষদের শপথবাক্যে যা আছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। ছবি : সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা এ শপথ গ্রহণ করেননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। দুটি শপথই পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংবিধান সংস্কার পরিষদের শপথবাক্যে বলা হয়েছে, “আমি (সদস্যগণের নিজ নাম) সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।”
আরো পড়ুন : বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে তিন নারী
মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাঁদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল।
সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সে অনুযায়ী সংসদের শপথ কক্ষে উপস্থিত হন। তবে সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মাইক নিয়ে জানান, তাঁদের দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছে না।
হাতে ফর্ম দেখিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং পরিষদের সদস্যদের শপথ কে পড়াবেন সে বিষয়ে বিধান থাকতে হবে। বর্তমানে ব্যবহৃত ফর্মটি সংবিধানে নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, তৃতীয় তফসিলে সাংবিধানিকভাবে ফর্ম যুক্ত হওয়ার পর জাতীয় সংসদে তা গৃহীত হলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা সম্ভব হবে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সংবিধান মেনেই চলেছে এবং ভবিষ্যতেও চলবে।
এরপর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
