মির্জা আব্বাস
‘ওরা এত ভোট পেল কীভাবে !’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস প্রতিপক্ষ দলের জনসমর্থন নেই উল্লেখ করে প্রশ্ন তুলে বলেন, এদের কোনো ভোট নেই, এত ভোট এখানে পেল কীভাবে?
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে মির্জা আব্বাস বলেন, ‘আমি যেটা বললাম, ওরা ইঞ্জিনিয়ারিং করেছে। এটা খুব ভয়ংকর। কারণ, এদের কোনো ভোট নেই। ওরা এত ভোট এখানে পেল কীভাবে? আমি সেই বিষয়টিই চিন্তা করে দেখলাম।’
তবে জয়ী হওয়ায় সার্বিক ফলাফলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।’
রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, ‘ভালো লাগছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি।’
এ সময় নির্বাচনে ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, ‘এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, তা ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে। এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’
