চিরুনি অভিযানে গ্রেপ্তার মাদক সম্রাট রবি ঘোষ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় রবীন্দ্রনাথ ঘোষ ওরফে রবি ঘোষ (৭৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে মাদক কিনতে আসা নিরব কুমার বসু (১৯) নামের এক তরুণকেও আটক করা হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এসআই মঞ্জুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ একটি চিরুনি অভিযান পরিচালনা করেন। অভিযানটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকায় বাবু ঘোষের মাইক্রোবাস গ্যারেজ সংলগ্ন স্থানে চালানো হয়।
অভিযান চলাকালে ইয়াবা বিক্রির সময় রবি ঘোষ ও ক্রেতা নিরব বসুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় রবি ঘোষের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রবি ঘোষ নওয়াপাড়া গ্রামের মৃত শ্রীশ চন্দ্র ঘোষের ছেলে এবং নিরব বসু মিঠাপুর গ্রামের প্রবীর কুমার বসুর ছেলে।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আলফাডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের মতে, পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযানে এলাকায় মাদক ব্যবসার বিস্তার অনেকটাই কমে আসবে বলে আশাবাদী তারা।
মাদকবিরোধী এই কঠোর অবস্থানই গড়ে তুলতে পারে নিরাপদ, সচেতন ও সুস্থ সমাজ এমনটাই মনে করছেন সচেতন মহল।
