বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি
এম.কে. রানা, বরিশাল থেকে
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকি-ধামকি ও হামলার ঘটনা ঘটলেও এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ভোলা ও বাউফলে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে, তবে এগুলো ভয় পাওয়ার মতো নয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
রিয়াজুল ইসলাম বলেন, বিএনপি কোনো সংগঠিত রাজনৈতিক দল নয় এবং তাদের কোনো চেইন অব কমান্ড নেই। তাদের নেতার কথাও কর্মীরা শোনে না। তিনি দাবি করেন, বিএনপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং বরিশালে তাদের একটি আসনও ছেড়ে দেওয়ার ইচ্ছা নেই।
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকলেও সংকটের সময় বিএনপিকে মাঠে পাওয়া যায়নি। তিনি বলেন, তারা হুমকি দিলেও বাস্তবে ভীতু।
ভোটারদের উদ্দেশে জকসু ভিপি বলেন, ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে অবস্থান করতে হবে। কেউ কেন্দ্র দখল বা বিশৃঙ্খলা করতে এলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রসমাজ ও জনতা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। তার মতে, যারা এখন হুমকি দিচ্ছে তারা শক্ত কোনো দল নয় এবং দীর্ঘদিন রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে ভোটের ক্যাম্পেইন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজসহ স্থানীয় নেতারা। সভা শেষে জকসু ভিপির নেতৃত্বে ঢাকা–বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
