সাবেক সিইসি আবদুর রউফ মারা গেছেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম
মোহাম্মদ আবদুর রউফ
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আর নেই।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।
বিচারপতি আবদুর রউফ প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার একান্ত সহকারী তাওহিদ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এখন পরিবারের সদস্যরা তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিচারপতি আবদুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তিন সদস্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আবদুর রউফ।
নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান কয়েক দিনের মাথায় পদত্যাগ করলে তার জায়গায় আসেন বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন। তার সঙ্গী হন আগের কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদ। ওই কমিশনের অধীনে পঞ্চম সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে বিএনপি ১৪০ এবং আওয়ামী লীগ ৮৮ আসন পায়।
অন্তর্বর্তী সরকারের ওই সময়ে রউফ কমিশন নির্বাচনি আইনে ব্যাপক সংস্কার আনে, জারি করা হয় নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) অধ্যাদেশ।
বহু কাঙ্ক্ষিত সেই নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপ নির্বাচন নিয়ে বিতর্কিত হন সিইসি রউফ। মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচারপতি মো. আবদুর রউফ ফিরে যান আবার আদালতে।
