আওয়ামী লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর আলোচিত-সমালোচিত সকল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে, কৌশলগত কারণে এই ৮ জনের কারো নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আজ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ছয় জন হচ্ছেন উচ্চ ও মধ্য পদস্থ পুলিশ কর্মকর্তা। তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগের তদানীন্তন প্রভাবশালী নেতা তবে তাদের নাম-পরিচয় বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।’
তিনি আরো বলেন, 'আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ‘তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা এবং এর পরই তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারপূর্বক ট্রাইব্যুনালে হাজির করলে দ্রুতই এ বিষয়ে সবিস্তারে জানানো হবে।
