বড়দিনে ঢাকায় ডিএমপির যা যা নিষেধাজ্ঞা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, বড়দিন উপলক্ষে ঢাকায় ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন’ উদযাপিত হবে বুধবার (২৫ ডিসেম্বর)। বড়দিনে ঢাকায় পটকা ফুটানো, ফানুস উড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
যিশু খ্রিস্টের বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।
