বিজিবির অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে ছোটখাটো একটি উত্তেজনা দেখা দিয়েছে। এজন্য আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্বাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে একই অনুষ্ঠানে বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন চিন্তাবিদ ফরহাদ মজহার।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ফরহাদ মজহারের কথার রেশ ধরে বলেন, ফরহাদ মজহার বলেছেন, বিজিবির কাজ নয় দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা। বিজিবির কাজ সীমান্তে। এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে, তা মোকাবিলায় করা। ওনার (ফরহাদ মজহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে রবিবার (৮ ডিসেম্বর) সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তার সৈন্য সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
একই প্রসঙ্গে অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্তে ছোটখাটো উত্তেজনা আছে। এ কারণে বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে, বিজিবি কখনো পিঠ দেখাবে না, বুক দেখাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পুনরায় জানতে চাওয়া হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিয়ে সীমান্তের নিরাপত্তা বাড়ানোয় সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে কিনা? এর উত্তরে তিনি বলেন, বিজিবি সব ধরনের কাজই করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের জনগণ অভ্যন্তরীণ যেভাবে প্রশেসন (বিক্ষোভ) করেছে, তার প্রশেসনের উত্তর দেবে বাংলাদেশের মানুষ। তবে বিএসএফ যদি কোনো প্রশেসন করে তার জবাব বিজিবি দেবে। সেই নির্দেশনা দেয়া আছে। সেই অনুযায়ী প্রস্তুতি ও নেয়া আছে ।
পরে উপদেষ্টা বলেন, সীমান্তে বড় ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্তের সব ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে তারা সব সময়ের জন্য তৈরি থাকবে।
দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নাগরিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছে এমন উদ্বেগ জানিয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের নিরাপত্তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা দরকার, সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।
