টানাপোড়নের মধ্যে স্বস্তির খবর
বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিলো ভারতের হাসপাতাল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার: ছবি সংগৃহীত
ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের মধ্যে স্বস্তির খবর এলো। বয়কট নয়, বরং অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
বাংলাদেশি রোগীদের বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষদের দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে একজন চিকিৎসকের কর্তব্য রোগীকে ফিরিয়ে না দেওয়া।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের । আর তাদের হাসপাতালে যে ২ শতাংশ কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে ১০ শতাংশ মানবিক ছাড় দিচ্ছে তারা।
আপাতত নির্দিষ্ট কোনো সময় সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্যই এই ছাড় ঘোষণা করেছে বাংলাদেশি রোগীদের জন্য।
