বাংলাদেশের সঙ্গে যেমন সম্পর্ক চায় ভারত, জানালেন প্রণয় ভার্মা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
ছবি: ভোরের কাগজ
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের প্রচেষ্টা চালিয়ে যাবে ভারত। যেখানে উভয় দেশের জনগণই মূল অংশীজন। রবিবার (১৭ নভেম্বর) ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে (বঙ্গোপসাগর সংলাপ) ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বক্তব্য প্রদান করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রণয় ভার্মা জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে এই দুই দেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত। বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে বাণিজ্য, পরিবহণ ও জ্বালানি সংযোগ এবং মানুষে-মানুষে সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির ওপর জোর দেন তিনি। হাইকমিশনার বলেন, যেখানে রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে আমাদের পরস্পর নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিজেকে পুনর্ব্যক্ত করতে থাকবে।
এই মাসের মধ্যেই ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সূচনা এবং পেট্রাপোল-বেনাপোল সমন্বিত চেকপোস্টের অবকাঠামো বিবর্ধনকে দ্বিপাক্ষিক বিনিময়ের ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রণয় ভার্মা। ভারত-বাংলাদেশ সহযোগিতাকে তিনি বিমসটেকের মতো কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের পরিকল্পনার ক্ষেত্রে একটি নোঙর হিসেবে বর্ণনা করেন তিনি।
হাইকমিশনার বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের যৌথ আকাঙ্খা পূরণ করতে হবে। এজন্য অংশীদারিত্বের মাধ্যমে উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
