মাহফুজ আলমকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো না কেন, জানালেন রিজওয়ানা হাসান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেয়া হলো না কেন- এমন প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে কয়েকজনকে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।
এত দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক করা হয়েছিল মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছিল।
আরো পড়ুন: ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন, যা আছে খসড়ায়
এ সরকারে উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রয়েছেন। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখন তাদের সঙ্গে উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন মাহফুজ আলম। এত কম বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়েছেন তারা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। এখন নতুন এই তিনজন উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সেখ বশির উদ্দিন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তবে মাহফুজ আলম এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি।
