শপথ গ্রহণ করলেন নতুন ৩ উপদেষ্টা, বাড়লো অন্তর্বর্তী সরকারের আকার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেতে পারেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার নেতৃত্বাধীন সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরো ৪ জন নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।
সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ছিল ২১। এবার নতুন করে যুক্ত হলেন ৩ জন। তাতে উপদেষ্টা পরিষদের আকার বেড়ে দাঁড়ালো ২৪ জনে। উল্লেখ্য, সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। শেষমেষ সেটাই হলো।
