এনআইডি নিয়ে যে নির্দেশ দিল ইসি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) দেশের নিরক্ষর ভোটারদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রক্রিয়ায় নতুন নির্দেশনা দিয়েছে। কমিশন জানিয়েছে, এনআইডির ছবির নিচে নিরক্ষর ব্যক্তিদের টিপ সইয়ের পাশাপাশি আঙুলের ছাপ রাখতে হবে।
এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি এনআইডি পরিচালককে পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, উপজেলায় পদ ফাঁকা থাকলে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কর্মকর্তাদের পদায়ন করতে হবে। নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ডাকঘর এন্ট্রি সমস্যা সমাধান, শনাক্তকারীর এনআইডি ডাটাবেজে তথ্য সংরক্ষণ এবং তদন্ত নিষ্পত্তির সমস্যা নিরসনে ব্যবস্থা নিতে হবে।
কমিশন জানিয়েছে, ভুয়া তথ্য দিয়ে এনআইডি নিলে ফৌজদারি মামলা করা হবে। স্মার্টকার্ড বিতরণের ক্ষেত্রে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরক্ষর ভোটারদের এনআইডিতে স্বাক্ষরের সমস্যা সমাধানের জন্য এবার আঙুলের ছাপ প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যা তাদের পরিচয় নিশ্চিত করতে সহায়তা করবে।
