ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে কেওঢালা এলাকা ছাড়িয়ে গেছে যানজট। চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। সড়ক দিয়ে যাতায়াতকালে যানজটে আটকে পড়া গফুর হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিসে যাওয়ার জন্য শনির আখড়া থেকে সকাল ৭টায় গাড়িতে উঠেছি। কোনোমতে কাঁচপুর ব্রিজ পর্যন্ত আসতে পারলেও আর যাওয়া সম্ভব হয়নি। আজ অফিস মিস হয়ে গেল।’
দীর্ঘ সময় ধরে যানজটে বসে আছেন হানিফ বাসের চালক আবুল মিয়া। তিনি বলেন, টানা বৃষ্টিতে যানজট বেড়েছে। শুনেছি, এই বৃষ্টির মধ্যে সামনে যানবাহন নষ্ট হয়ে গেছে। এ কারণে যানজট আরো বেড়েছে। ছাতি হাতে বৃষ্টিতে রওনা দিয়েছেন করিম মিয়া। তিনি বলেন, আধা ঘণ্টার ওপরে গাড়িতে বসে ছিলাম। যানজটের আটকা পড়েছি। এ কারণে পায়ে হেঁটে রওনা দিয়েছি।
আব্দুর রহিম নামের আরেক যাত্রী বলেন, ‘মহাসড়কের শৃঙ্খলা ফিরে আনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখছি না। এইভাবে সকাল থেকে যানজটে আটকে আছি। মৌচাক বাসস্ট্যান্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত আসতেই ১ ঘণ্টা সময় চলে গেছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজট বিকল হয়ে পড়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।
