আইন নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে বলেছেন, ‘তারা তো (শিক্ষার্থী) সবচেয়ে শিক্ষিত। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন তো নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই।’। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মব জাস্টিসের নামে আইন নিজের হাতের তুলে নেয়া যাবে না। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী হলেও ওই ব্যক্তিকে আইনের হাতে তুলে দিতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ((১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে।
আরো পড়ুন: গ্যাস উত্তোলনে ১০০ কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সভায় পুলিশ বিভাগের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, তাদের মনটাকে উজ্জীবিত করে, তারা কীভাবে তাদের পুরনো গৌরব ফিরে পায়; সে বিষয়ে তাদের নির্দেশনা দেয়া হয়েছে। জনবান্ধব পুলিশ কথাটা শুধু কাগজ-কলমে নয়, বাস্তবেও যেন এটা রুপান্তরিত হয়; সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় ট্রাফিক কন্ট্রোল, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি প্রভৃতি বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
