গোলাপকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম
আবদুস সোবহান গোলাপ
রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ। সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। এরপর রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন।
আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন।
