এবার ডিসি পদে রদবদল ও নতুন নিয়োগ আসছে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
এবার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল আসছে। ধাপে ধাপে ডিসিদেরও প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে তাদের জায়গায় নতুন ডিসি নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সরকারি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
এরপর থেকেই জনপ্রশাসন ও পুলিশে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এছাড়া পদ-পদায়ন থেকে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হচ্ছে। এরই মধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেয়া হয়েছে।
একাধিক সূত্র বলছে, শিগগিরই পুলিশ ও জনপ্রশাসনে আরো পরিবর্তন করা হবে। ইতোমধ্যে সোমবার (১৯ আগস্ট) ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে।
