ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন মির্জা ফখরুল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত
ভারত থেকে আওয়ামী লীগ প্রধান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
পরে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে আওয়ামী লীগ প্রধান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা হামলা, ভাঙচুর করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন।
দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেটার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। এ ধরনের প্রচেষ্টাকে প্রতিরোধ করে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি এবং অন্যান্য দল সব ধরনের সহযোগিতা করবে সহিংসতা ও ষড়যন্ত্র দমনে। একইসঙ্গে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা বিএনপি করবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। বিএনপি ছাড়া জামায়াতে ইসলামীসহ আরো কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
