শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেয়া হবে। সে বিষয়ে আরো আলোচনা হবে। সব মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কীভাবে যুক্ত করা যায়, কোন কাঠামোতে যুক্ত করা যায়, সেটা নিয়ে আলোচনা হবে।
তিনি আরো জানান, আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি, তার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যে সময় দরকার, সেটাই আমরা নেব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব।
তিনি আরো বলেন, ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু সরকার অগণতান্ত্রিক হলে তখন আইনের অপ্রয়োগ হয়। তাই সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো অপ্রয়োগ করা যাচ্ছে, সেগুলো চিহ্নিত করে বাতিলের করা নিয়ে আলোচনা হয়েছে।
দেশের বিভিন্ন জায়গায় ডাকাতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, বৈঠকে আইজিপিকে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাছে কী তথ্য আছে? তাছাড়া পুলিশের অনেকগুলো থানাও সচল নয়। ফলে তার কাছে সব তথ্য থাকবে সেটাও আমরা মনে করি না। তাই আলোচনা হয়েছে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে নামানো, বিশেষ করে পুলিশ সদস্যদের।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলোর অপপ্রয়োগ করা হচ্ছে, সেগুলো বাতিলে কি ব্যবস্থা নেয়া যায়, সে আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে রিজওয়ানা বলেন, এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই। সংস্কারের জন্য যতটুকু সময় নেয়া দরকার, ততটুকুই নেয়া হবে। শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রেই যেতে হবে।
কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে রিজওয়ানা বলেন, প্রত্যেকটি গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কোন প্রক্রিয়ায় বিচার করা যায়, সেটা আলোচনা হয়েছে বৈঠকে।
রেজওয়ানা হাসান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা (শিক্ষার্থীরা) আন্দোলন করেছেন। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে, আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ে।
