×

জাতীয়

নিষিদ্ধ হলো জামায়াত-শিবির, প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম

নিষিদ্ধ হলো জামায়াত-শিবির, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে এখন থেকে এই নামে আর রাজনীতি করতে পারবে না দলগুলো। 

সন্ত্রাসবিরোধী আইনে কী আছে : সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারায় সন্ত্রাসী কাজের সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, সত্তা বা বিদেশি নাগরিক বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণ বা জনসাধারণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকার বা কোনো সত্তা বা কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বা করা থেকে বিরত রাখতে বাধ্য করার জন্য অন্য কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত, আটক বা অপহরণ করে বা করার চেষ্টা করে, এ ধরনের কাজের জন্য অন্য কারো সঙ্গে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করে; অথবা অন্য কোনো ব্যক্তি, সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতি করে বা করার চেষ্টা করে; অথবা ক্ষতি করার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করে; অথবা এ ধরনের উদ্দেশ্য নিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা নিজ দখলে রাখে, কোনো সশস্ত্র সংঘাতময় দ্বন্দ্বের বৈরী পরিস্থিতিতে অংশ নেয়, তাহলে তা ‘সন্ত্রাসী কাজ’ বলে গণ্য হবে। এ আইনে কোনো অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

সংশ্লিষ্টরা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে ২০১২ সাল থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে বহু আলোচনা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীরা অসংখ্যবার দলটিকে ‘নিষিদ্ধ’ করার কথা বললেও গত ১২ বছরেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে হাইজ্যাক করে জামায়াত-শিবির দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এরপরই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জামায়াত-শিবির দেশের বিভিন্ন স্থান থেকে সশস্ত্র ক্যাডারদের ঢাকায় এনে তাণ্ডব চালিয়েছে। গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলটিকে নিষিদ্ধের কাজ শুরু করে সরকার। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া চলে। 

প্রসঙ্গত, স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। ১৯৪১ সালে জন্ম নেয়ার পর দেশের স্বাধীনতাবিরোধী ভূমিকাসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসের দায়ে অভিযুক্ত এই রাজনৈতিক দলটি প্রথমবার নিষিদ্ধ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে, সংবিধানের ৩৮ ধারা অনুসারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App