শিক্ষক আসিফ মাহতাব ও শিক্ষার্থী আরিফ সোহেল রিমান্ডে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম
ছবি: ভোরের কাগজ
চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলার মামলায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরিফ সোহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন শিক্ষক মাহতাব ও শিক্ষার্থী আরিফকে বনানী থানার মামলায় আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
গত ২৮ জুলাই দিবাগত রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। আর ২৭ জুলাই দিবাগত রাত ৪টার দিকে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেয়া হয় বলে অভিযোগ তোলা হয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সেতু ভবনে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন আসামি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে অফিসের সামনে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে আসামিরা অফিসের মূল ফটক ভেঙে সেতু ভবনের ভেতরে প্রবেশ করে জিপ, কার, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল, নিরাপত্তা ভবন, সিসি ক্যামেরা, পার্কিং শেড, ক্যান্টিন, গাড়িচালকদের কক্ষ, আনসার শেড, মুজিব কর্নার, জেনারেটর কক্ষসহ মূল ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন।
