নান্দাইলে দুই বছরেও হাট-বাজার ইজারা ডাকে রাজস্ব বাড়েনি
মোঃ শফিকুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুই বছরেও হাট-বাজার ইজারা ডাকে রাজস্ব বাড়েনি। রাজস্ব না বাড়ায় কারণে এ নিয়ে নান্দাইলে চলছে নানা আলোচনা।
জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন ১৪৩৩ বাংলা সনের ১ বছরের জন্য উপজেলার ১৩টি ইউনিয়নের ৪৩টি বাজারের ইজারা ডাক প্রদানের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত স্বাক্ষরিত দরপত্র বিজ্ঞপ্তি ৩টি দৈনিক পত্রিকায় প্রদান করা হয়। গত ২৬ শে ফেব্রুয়ারি প্রথম দফা বাজার ডাকের শেষ দিবসে ইজারাদারগণ দরপত্র দাখিল করেন। গত ১লা মার্চ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্র কমিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত ইজারাদার ও অন্যান্য ব্যক্তিদের সামনে প্রকাশ্যে দরপত্র বক্স খোলা হয়।
এতে করে দেখা যায়, ১৪৩২ সনে সাবেক উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সময় ইজারা ডাকের চেয়ে বর্তমান ১৪৩৩ সনে রাজস্ব তেমন বৃদ্ধি পায়নি। নান্দাইলের সবচেয়ে বড় বাজার বারপাড়া নতুন বাজার (মেরেঙ্গা) ১৪৩২সনে ডাক ছিল ১ কোটি ৯৫ লাখ ৩৫হাজার ২২২ টাকা। চলতি বছরে সামান্য কিছু বৃদ্ধি করে ডাক হয়েছে ২ কোটি ২৭লাখ টাকা। ইজারাদার মোঃ ফুরকান উদ্দিন।
বারুইগ্রাম চৌরাস্তা বাজার ১৪৩২ সনে ইজারা ডাক ছিল ১০ লাখ ৩৪ হাজার ২৬৭ টাকা। বর্তমান নতুন বছরে ডাক হয়েছে ১০ লাখ ৬০ হাজার টাকা, ইজারাদার তাইফুর রহমান। খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে ডাক ছিল ১১লাখ ৩৭হাজার ৫১৩ টাকা। এই বাজারে ডাক বৃদ্ধি পেয়ে ১৪৩৩ সনের জন্য ডাক হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকা। বনগ্রাম চৌরাস্তা বাজারের ডাক বৃদ্ধি পেয়েছে প্রায় ৯ লাখ টাকা। ১৪৩৩ বাংলা সনের জন্য ১৪টি বাজারে সন্তোষজনক কেউ ইজারা ডাক দেয়নি। তাই ১৪টি বাজারের ইজারা ডাক বাতিল করে নতুন করে পুনরায় দরপত্র আহবান করা হয়েছে। ১৪৩২ বাংলা সনের প্রাপ্ত রাজস্ব থেকে কিছু বৃদ্ধি পেয়েছে ১৪৩৩ বাংলা সনে। ১৪৩২ ও ১৪৩৩ বাংলা সনে ইজারা ডাক-কারীগন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে ইজারা সিডিউল ক্রয় করে যথাযথভাবে জমা দিয়েছে। সিডিউল জমা দানে কেউ কোন প্রকার বাধা দেয় নাই বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে।
