×

ময়মনসিংহ

৮ লাখ টাকা বকেয়া, মডেল মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম

৮ লাখ টাকা বকেয়া, মডেল মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকা। টানা ৩৫ মাস ধরে বিল পরিশোধ না হওয়ায় গত ৬ জানুয়ারি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ফলে পবিত্র রমজান মাসে মসজিদে মোমবাতি জ্বালিয়ে তারাবির নামাজ আদায় করতে হচ্ছে মুসল্লিদের।

জানা গেছে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিল পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি মসজিদ পরিচালনা কমিটি বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। নিয়মিত বকেয়া বাড়তে থাকায় শেষ পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ।

সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দেড় মাস পর বিষয়টি জানতে পারেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি বলেন, মসজিদের প্রায় ৭ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলা হয়েছে এবং বিষয়টি জেলা পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিপুল অঙ্কের বকেয়া থাকায় উচ্চপর্যায়ে সিদ্ধান্ত প্রয়োজন বলেও জানান তিনি।

ইউএনও আরো বলেন, মসজিদ নির্মাণের পর থেকে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। হস্তান্তরের পর স্থানীয়ভাবে বিল মেটানোর কথা থাকলেও এ খাতে আলাদা সরকারি বরাদ্দ নেই। বড় পরিসরের এ মসজিদ উপজেলা সদর থেকে দূরে হওয়ায় বিষয়টি নজরে আসতে দেরি হয়েছে। এসি ও বিপুলসংখ্যক লাইট ব্যবহারের কারণে মাসিক বিলও বেশি আসে বলে জানান তিনি।

আরো পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

নালিতাবাড়ী উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম হাবিব জানান, সংশ্লিষ্ট লাইনটি পল্লী বিদ্যুতের নয়, এটি বিউবোর আওতাধীন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ৮ লাখ ২৮ হাজার টাকা বকেয়া হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি এসটি লাইন হওয়ায় ব্যবহার না করলেও প্রতি মাসে ১৫ হাজার টাকার বেশি ডিমান্ড চার্জ যোগ হয়। ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংযোগ বিচ্ছিন্নের আগে নোটিশ দেওয়া হলেও সাড়া না পাওয়ায় লাইন কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বিল পরিশোধে ব্যর্থ হলে মডেল মসজিদগুলোকে প্রিপেইড মিটারে আনা হবে বলেও জানান তিনি।

শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার বহন করে, বাকিটা স্থানীয়ভাবে সংগ্রহ করতে হয়। কিন্তু এ মসজিদে মাসিক বিল ৩৫ থেকে ৪০ হাজার টাকায় পৌঁছে যায়। রমজান মাস বিবেচনায় আংশিক পরিশোধের মাধ্যমে সংযোগ চালু রাখার প্রস্তাব দেওয়া হলেও বিদ্যুৎ বিভাগ রাজি হয়নি।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও এলাকায় নির্মিত এ মডেল মসজিদে একজন পেশ ইমাম, একজন মুয়াজ্জিন ও দুজন খাদেম কর্মরত আছেন। তাদের সম্মানী ইসলামিক ফাউন্ডেশন বহন করলেও বিদ্যুৎ বিল ও অন্যান্য পরিচালন ব্যয় মুসল্লিদের দানের অর্থ থেকে মেটানোর কথা।

আধুনিক এ মসজিদে রয়েছে একাধিক নামাজ কক্ষ, ঝাড়বাতি, শতাধিক লাইট, ফ্যান ও এসি। নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক অজুখানা, আধুনিক টয়লেট, অটিজম কর্নার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হজ প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণা সুবিধা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং দেশি-বিদেশি পর্যটকদের আবাসনের ব্যবস্থাও রয়েছে।

মসজিদের দাতা সদস্য পান্না বলেন, শুরু থেকেই ৬-৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। প্রায় দেড় মাস আগে সংযোগ কেটে দেওয়া হয়েছে। বর্তমানে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করতে হচ্ছে। স্থানীয় যুবকদের উদ্যোগে প্রিপেইড লাইন আনার চেষ্টা চলছে।

রমজান মাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানির সঙ্কটে বিশ্বের কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

জ্বালানির সঙ্কটে বিশ্বের কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে

ময়মনসিংহ মেডিকেলে  ২৪ ঘণ্টায় ২৪ ‍শিশু ভর্তি

হাম পরিস্থিতি ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ২৪ ‍শিশু ভর্তি

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

জোড়া গোলে রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App