হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি ইরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরো পড়ুন: ফের পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, যে বিষয়ে আলোচনা
বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তরেও ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে।
এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ-এর বরাত দিয়ে আল-জাজিরা জানায়।
হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত আছে, এমন দুটি সূত্র জানিয়েছে, মাইন বসানোর কাজ এখনো খুব একটা ব্যাপক নয়। গত কয়েক দিনে গুটিকয়েক মাইন বসানো হয়েছে।
