আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানের ওপর একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সংঘাতের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হয়েছেন। এর পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় নিজে যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ব্যক্তিগতভাবে যুক্ত থাকা উচিত বলে তিনি মনে করেন। খবর আল-জাজিরার।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া ইরান যদি নতুন কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল ‘সময় নষ্ট’ করছে।
তিনি স্বীকার করেন যে, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ছেলে মোজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন। তবে ট্রাম্প জানান, এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল তিনি মেনে নেবেন না।
আরো পড়ুন : ষষ্ঠ দিনে এসে পাল্টাপাল্টি হামলার যে সমীকরণ দাঁড়ালো
মার্কিন প্রেসিডেন্ট বলেন, খামেনির ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে। আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন, এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি গ্রহণ করবেন না।
ট্রাম্প সতর্ক করে বলেন, যদি এমন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি বলেন, খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।
