গাজায় ইসরায়েলি হামলায় আরো ৫০ ফিলিস্তিনি নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:২২ এএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরো কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৭২ জনে পৌঁছেছে। এছাড়া, আহত হয়েছেন অন্তত ১ লাখ ৪ হাজার ৮ জন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের ফলে আরো ১১০ জন আহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও গাজায় হামলা অব্যাহত রেখেছে। গাজার প্রায় ২০ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্যানুযায়ী, গাজায় ইসরায়েলি হামলার কারণে প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটের মধ্যে গাজার মানুষ এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল।
