×

গণমাধ্যম

কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে সিপিজের চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে সিপিজের চিঠি

ছবি : সংগৃহীত

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠনটি এ দাবি জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে আটক সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

যেসব সাংবাদিকের মুক্তি দাবি করা হয়েছে, তারা হলেন- মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা ও শাকিল আহমেদ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

সিপিজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই চার সাংবাদিককে হত্যা মামলায় গ্রেপ্তার করে ১৮ মাসের বেশি সময় ধরে কারাগারে রাখা হয়েছে। সংগঠনটির নথিপত্র, স্বজনদের বক্তব্য এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা গেছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমনকি কোনো অভিযোগপত্রও দাখিল করা হয়নি। পুরো পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে, সাংবাদিকতা এবং রাজনৈতিক অবস্থানের কারণেই তাদের এসব মামলায় জড়ানো হয়েছে।

চিঠিতে আটক সাংবাদিকদের শারীরিক অবস্থার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই শ্যামল দত্ত স্ট্রোকে আক্রান্ত হন। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারকে জানানো হয়নি। তার আগে থেকেই তার হৃদরোগ ও গুরুতর স্লিপ অ্যাপনিয়ার সমস্যা ছিল, যা কারাগারে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

মোজাম্মেল হক বাবুকেও একই দিনে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের শেষের দিকে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। তবে প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

ফারজানা রূপাকে ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন : কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন: কারাবন্দি সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিন

সিপিজে স্মরণ করিয়ে দিয়েছে, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দ্রুত সমন্বয় করে সাংবাদিকদের চিকিৎসা নিশ্চিত করবে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।

এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, শ্যামল দত্ত গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। স্লিপ অ্যাপনিয়ার কারণে ঘুমের মধ্যে তার শ্বাসপ্রশ্বাস ব্যাহত হচ্ছে এবং তার ওজনও কমে গেছে। পাশাপাশি তার হার্টে ব্লক ও ডায়াবেটিস রয়েছে।

অন্যদিকে, শাকিল আহমেদ ও ফারজানা রূপা এই দম্পতিকে ২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, শাকিল উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছেন, আর ফারজানা রূপা উচ্চ রক্তচাপ ও আর্থ্রাইটিসে আক্রান্ত। তিনি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে পড়ছেন বলেও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জ্বালানি-বিদ্যুৎ সংকট বিপর্যয়ের মুখে শিল্পোৎপাদন

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হামলার অভিযোগ, নিহত ৭

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি হামলার অভিযোগ, নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App