×

আইন-বিচার

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

ছবি : সংগৃহীত

সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগ পেয়ে তাদের পক্ষে আইনি লড়াই করছেন তারা।

শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই শামীম ওসমানসহ ১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশন প্রাথমিক কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বলেও দাবি করে অব্যাহতি চান তারা।

এ সময় আইনজীবী আলী হায়দারের অব্যাহতির আবেদন নিয়ে আপত্তি জানায় প্রসিকিউশন। তারা অভিযোগ করেন, শামীম ওসমানসহ অন্য আসামিদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে।

আরো পড়ুন : ভাটারায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে ‘কথিত’ হিসেবে উল্লেখ করেছেন শামীম ওসমানসহ চারজনের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আলী হায়দার। ফরমাল চার্জের বাইরেও তিনি বিভিন্ন বিষয় এনেছেন। তাই এ আবেদন নিয়ে আমাদের আপত্তি রয়েছে।

উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে গত ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। শুনানিতে মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরা হয়। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া, ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২১ জুলাই ফতুল্লা থানাধীন ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট হত্যা করা হয় বদিউজ্জামান ও আবুল হাসানকে।

এই তিন অভিযোগে ১২ আসামির বিরুদ্ধে চলতি বছরের ১৯ জানুয়ারি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চালু হচ্ছে সরকারি ৬ বন্ধ পাটকল

চালু হচ্ছে সরকারি ৬ বন্ধ পাটকল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App