সাংবাদিক আনিস আলমগীরের জামিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এই জামিনের ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় তিনি কারামুক্ত থাকতে পারবেন বলে জানান তার আইনজীবী তাসলিমা জাহান পপি।
গত ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে। এরপর ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর ২৮ জানুয়ারি আদালত তাকে গ্রেপ্তার দেখান।
মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।
আরো পড়ুন : ববি হাজ্জাজের আসনের ফল চ্যালেঞ্জ মামুনুলের
এদিকে তার বৈধ আয়ের উৎস থেকে মোট আয় হয়েছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে ধরা হয়েছে, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ।
এর আগে গত ১৪ ডিসেম্বর, জুলাই রেভুলেশনারী এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সাংবাদিক আনিস আলমগীর ১৫ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৫ মার্চ হাইকোর্ট থেকে এই মামলায় জামিন মঞ্জুর হয়।
