×

আইন-বিচার

শেয়ারবাজার কারসাজি

সাকিবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

সাকিবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ছবি : সংগৃহীত

শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগে প্রলুব্ধ করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী বছরের ২০ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ তারিখ ধার্য করেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৭ মে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের ও তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ব্যবহার করে অসাধু ও অবৈধ উপায়ে ফটকা ব্যবসার মতো ধারাবাহিক লেনদেন, প্রতারণামূলক সক্রিয় লেনদেন এবং অনুমাননির্ভর লেনদেনের মাধ্যমে বাজারে কারসাজি করতেন। একটি সংঘবদ্ধ চক্র গঠন করে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের সেই শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করা হতো।

এর ফলে বিনিয়োগকারীরা ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হন এবং চক্রটি ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকার বেশি আত্মসাৎ করে, যা অস্বাভাবিক মূলধন লাভ হিসেবে দেখানো হলেও প্রকৃতপক্ষে ছিল অপরাধলব্ধ অর্থ।

আরো পড়ুন : জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়

এজাহারে আরো বলা হয়েছে, আবুল খায়ের হিরু শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থের মধ্যে ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকা তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় বিভিন্ন খাতে স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেন। তাঁর নামে থাকা ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক, অযৌক্তিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, হিরুর কারসাজির সঙ্গে যুক্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইনস্যুরেন্স লিমিটেড ও সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে তিনি বাজার কারসাজিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সাধারণ বিনিয়োগকারীদের ওই শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করেন এবং ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App