শেখ হাসিনা, কাদেরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরো অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুই পৃথক মামলা দায়ের করা হয় রবিবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
ভালুকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত এবং আলাদ্দীন আল আজাদ মান্নান নামের দুই ব্যক্তি মামলাগুলো করেন। বিচারক স্মরণিকা পাল মামলাগুলো গ্রহণ করে ভালুকা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, এর আগে থানায় কোনো মামলা হয়েছে কি না, তা ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জানাতে।
হৃদয় মাহমুদ জান্নাত তার মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করেছেন, পাশাপাশি আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি এম.এ ওয়াহেদ, সাবেক এমপি কাজিম উদ্দিন আহাম্মদ ধনু এবং আরো কয়েকজন স্থানীয় নেতা।
মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই ঘটনায় ন্যায়বিচার আশা করছি।
একই ঘটনায় আলাদ্দীন আল আজাদ মান্নানের দায়ের করা অন্য মামলাটিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরো পড়ুন: স্বৈরাচার পতন আন্দোলনে কত শ্রমিক নিহত, জানালো জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
প্রসঙ্গত, নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের বাসিন্দা। তিনি ভালুকার পার্শ্ববর্তী শ্রীপুর থানার নগর হাওলা এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
