গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি : সংগৃহীত
নড়াইলে ডিজেল তেল নিয়ে বাড়ি ফেরার পথে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। নড়াইল শহরের মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহের পর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন লাভলী বেগম (৫২) নামে ওই নারী। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্লার স্ত্রী। তিনি পেশায় কৃষাণী ও গৃহিণী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, সকালে লাভলী বেগম বোরো ধানের সেচের জন্য ডিজেল আনতে মাছিমদিয়া ফিলিং স্টেশনে যান। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি তিন লিটার ডিজেল সংগ্রহ করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
ফেরার পথে মাছিমদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী তামিম হোসেন বলেন, ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফেরার সময় তিনি হঠাৎ পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
নিহতের ভাই নাজমুল ইসলাম বলেন, তার বোন লাভলী বেগম একজন কৃষাণী ও গৃহিণী ছিলেন। পরিবারের আয়ের সহায়তার জন্য তিনি সকালে ডিজেল আনতে গিয়েছিলেন। ফেরার পথে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
