দেশে এলো ২১০০ মেট্রিক টন ভারতীয় চাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকারের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানির কার্যক্রম শুরু হয়েছে। গত ৬ দিনের ব্যবধানে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ২ হাজার ১০০ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১৫টি চালানের ৫৮টি ট্রাকে করে এ সব চাল দেশে প্রবেশ করে।
বেনাপোল বন্দর সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, গত বছরের আগস্ট থেকে নভেম্বর- এই তিন মাসে মোট ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিলো। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার গত ১৮ জানুয়ারি ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ মার্চের মধ্যে এই চাল আমদানি ও বাজারজাতকরণ সম্পন্ন করতে হবে। বর্তমানে আমদানিকৃত এই চালের প্রতি কেজিতে খরচ পড়ছে প্রায় ৫০ টাকা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬ দিনে ৫৮টি ট্রাকে দুই হাজার ১০০ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
