৪৩তম বিসিএসে নিয়োগ পেলেন ২০৬৪ জন, ৯৯ জনের ফল স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যার মাধ্যমে আপাতত ২ হাজার ৬৪ জনকে ক্যাডার পদে নিয়োগ দেয়া হচ্ছে। তবে ৯৯ জনের ফল স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে ৯৯ জনের ফল স্থগিত থাকার কারণ সম্পর্কে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। ওই সময় মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়, যার মধ্যে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছিল।
পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ৯৯ জনের ফল স্থগিত থাকার কারণ হলো, কিছু প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি এবং কিছু প্রার্থীর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। এজন্য তাদের ফল স্থগিত রাখা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২৫৫ জন প্রার্থীর বিষয়ে পুনরায় যাচাই-বাছাই শুরু করে। এই যাচাই-বাছাই চলাকালে, জনপ্রশাসন মন্ত্রণালয় পরিবর্তিত পরিস্থিতিতে ২৫৫ জন প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য বিশেষ শাখায় পাঠিয়েছে। এই প্রার্থীদের মেডিকেল পরীক্ষা ও গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরো পড়ুন: জনগণের ভোটাধিকার কবে দেবে সরকার
৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালের ৩০ নভেম্বর। পরবর্তীতে ২০২১ সালের ২৯ অক্টোবর ৮টি বিভাগের বিভিন্ন কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেয়। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি, যেখানে মোট ১৫ হাজার ২২০ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৯ হাজার ৮৪১ জন কৃতকার্য হন।
