×

আন্তর্জাতিক

বাংলাদেশের কাছে অন্যতম সেরা যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:০৫ পিএম

বাংলাদেশের কাছে অন্যতম সেরা যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

ছবি- সংগৃহীত

বাংলাদেশকে নিজেদের তৈরি আধুনিক ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’ যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। সামরিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ঢাকা ও ইসলামাবাদের এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

প্রতিরক্ষা বিষয়ক পোর্টাল ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, এই সিমুলেটর হস্তান্তরকে স্রেফ সাধারণ উপহার হিসেবে দেখার সুযোগ নেই। এটি হতে পারে দুই দেশের মধ্যে যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তির আগের একটি বড় প্রস্তুতিমূলক পদক্ষেপ। ক্রমবর্ধমান পাকিস্তান-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক এখন পরিবর্তিত ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা সমীকরণ ও দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতার নতুন ধারার সঙ্গে মিলে যাচ্ছে।

যুদ্ধবিমান আসার আগেই পাইলটদের প্রশিক্ষণ ও পরিচালনার প্রস্তুতি হিসেবে এই সিমুলেটর দেওয়া হয়েছে। এটি কোনো প্রাথমিক স্তরের ব্যবস্থা নয়, বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী একটি পূর্ণাঙ্গ সিস্টেম। এর মাধ্যমে পাইলটরা আসল যুদ্ধবিমানে ওঠার আগেই যেকোনো মিশন বা অভিযানের বাস্তবসম্মত মহড়া দিতে পারবেন।

এ ছাড়া পাকিস্তান তাদের মুশাফ বিমান ঘাঁটি ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে উন্নত প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছে। প্রস্তাবিত পাঠ্যক্রমে দূরপাল্লার আকাশযুদ্ধ বা ‘বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর)’ যুদ্ধ কৌশলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

চলতি মে মাসে ঢাকা সফরে পাকিস্তানের প্রথম আনুষ্ঠানিক ‘এয়ার স্টাফ টকস’-এ দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। তিনি পাকিস্তান বিমান বাহিনীর ডেপুটি চিফ অব এয়ার স্টাফ (অপারেশন্স)। প্রতিনিধিদলে আরও ছিলেন এয়ার কমোডর শাহ খালিদ, আব্দুল গফুর বাজদুর, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান ও উইং কমান্ডার হাসান তারিক আজিজ। উচ্চপর্যায়ের এই সফরই প্রমাণ করে, বৈঠকটি কেবল আনুষ্ঠানিকতা ছিল না।

উক্ত বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ বিমানের বহুমুখী সক্ষমতা তুলে ধরেন। বিশেষ করে গত বছরের (২০২৫) মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাতে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমানের তুলনায় জেএফ-১৭-এর কার্যকারিতা কেমন ছিল, সেই তুলনামূলক চিত্রও বাংলাদেশের সামনে উপস্থাপন করা হয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে পাইলটদের প্রশিক্ষণ ও নতুন বিমানে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াই সবচেয়ে সময়সাপেক্ষ। তাই আগেভাগে সিমুলেটর হস্তান্তরকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ মনে করা হচ্ছে।

এর আগে গত জানুয়ারিতে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছিল, ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে ৪.৫ প্রজন্মের ৪৮টি জেএফ-১৭ ব্লক থ্রি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের সঙ্গে উচ্চ-পর্যায়ে আলোচনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। এ বিষয়ে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে।

পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু জানিয়েছেন, একটি বিস্তৃত প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহায়তা দিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দ্রুততম সময়ে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং এ জন্য দীর্ঘমেয়াদি সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী-সাধারণ মানুষ

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী-সাধারণ মানুষ

নিষিদ্ধ সশস্ত্রগোষ্ঠীর শীর্ষ নেতাকে হত্যার দাবি ট্রাম্পের

নিষিদ্ধ সশস্ত্রগোষ্ঠীর শীর্ষ নেতাকে হত্যার দাবি ট্রাম্পের

ফের তাপপ্রবাহে পুড়ছে ১৩ জেলা

ফের তাপপ্রবাহে পুড়ছে ১৩ জেলা

রোববার টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

রোববার টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App