প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীসহ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নাগরিকরা আগামী ১৫ জিলকদ অর্থাৎ ৩ মে পর্যন্ত পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। ওমরাহ পালনের জন্য তাদের আলাদা কোনো হজ পারমিট বা অনুমতির প্রয়োজন হবে না।
সৌদি গেজেটের প্রকাশিত এক প্রতিবেদনে বিস্ময়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, 'এই নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতা বজায় থাকবে। এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১ জিলকদ অর্থাৎ ১৯ এপ্রিলের মধ্যে সব বিদেশি ওমরাহ যাত্রীকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। মূলত বিদেশ থেকে হজে আসা ব্যক্তিদের ভিড় সামাল দিতে এবং হজের প্রস্তুতি শুরু করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।'
মন্ত্রণালয় জানিয়েছে, 'আগামী ৩ মে’র পর হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন নির্দিষ্ট পারমিট বা অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করা আইনত দণ্ডনীয় হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ শেষ করে মক্কা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।'
