যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় বসানোর লক্ষ্যে তিন দেশ সফরে শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসানোর জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও তুরস্কের চার দিনের সরকারি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই সফরে তিনি আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা জোরদার করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে জানিয়েছেন, শাহবাজ শরিফ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থবির হয়ে পড়া শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে চান। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে, যা আগামী ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছিল। সেই তিক্ততা কাটিয়ে নতুন করে আলোচনার টেবিল সাজানোই এখন শাহবাজের মূল লক্ষ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে আবারও আলোচনা শুরু হতে পারে। যদিও প্রাথমিকভাবে ইউরোপে এই বৈঠক হওয়ার কথা ছিল, তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এটি ইসলামাবাদেই হওয়ার সম্ভাবনা বেশি।
সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকারও প্রশংসা করেন। মধ্যস্থতাকারী দেশগুলোর একটি সূত্র জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র নীতিগতভাবে আলোচনায় সম্মত হয়েছে; তবে স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে ইসলামাবাদের পাশাপাশি জেনেভার নামও বিবেচনায় রয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনায় আবারও গতি ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তিনি মনে করিয়ে দেন, দীর্ঘদিনের এই জটিল সংকট এক বৈঠকে সমাধান সম্ভব নয়।
এদিকে বিশ্লেষকরা বলছেন, শাহবাজ শরিফের এই সফর এক বড় পরীক্ষা। কারণ একদিকে যুদ্ধবিরতি চললেও অন্যদিকে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এবং পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ তেলের বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।
শাহবাজ শরিফ তার চার দিনের এই সফরে সৌদি আরব ও কাতারে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি তুরস্কে ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এর ফাঁকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ বিশ্ব নেতাদের সঙ্গে এই সংকট উত্তরণের পথ খুঁজবেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
